রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ০২:১৩ পিএম

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামায় আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, মিথ্যা তথ্য ও অপপ্রচার দেশকে অস্থিতিশীল করে তুলছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সংগঠনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, আমরা একই সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছি। তবে আমাদের মধ্যে দুর্বলতা ও বিভক্তির সুযোগে যদি স্বৈরাচার আবার ফিরে আসে, তবে তা জাতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এই সময়ে ধৈর্য, সততা এবং ঐক্য ধরে রাখাই সবচেয়ে জরুরি কাজ বলে তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক ব্যবহার নিয়ে হুইপ বলেন, ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে যারা অপপ্রচার চালায়, তারা সমাজের জন্য ক্ষতিকর। মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিনিয়ত বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। 

তিনি এসব অপপ্রচারে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তবে তা সরাসরি বলা উচিত। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য বা ছবি ব্যবহার করে কাউকে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সামাজিক সংহতি নষ্ট করে বলে তিনি মন্তব্য করেন।

খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। এ ছাড়াও উপজেলা বিএনপির সদস্য ছাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল ও সাবেক জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।