রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

কৃষকদের জন্য রপ্তানির সুযোগ নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফাহিম হোসেন রিজু

মে ২, ২০২৬, ০৩:৩১ পিএম

কৃষকদের জন্য রপ্তানির সুযোগ নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি-দিনাজপুর টিভি

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং কৃষি ব্যবস্থাকে টেকসই করতে সরকার একটি স্বয়ংসম্পূর্ণ বা ‘কমপ্রিহেনসিভ’ পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেছেন, শুধু ফসল উৎপাদন করলেই হবে না, সেই ফসল যাতে দেশে ও বিদেশে বাজারজাত করা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।

শনিবার (২ মে) সকাল ১০টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিহাউসে উৎপাদিত ফসলের গুণগত মান বৃদ্ধির কলাকৌশল’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, ঘোড়াঘাটসহ পার্শ্ববর্তী চার উপজেলায় প্রায় ৩০০টির মতো ছোট-বড় খাল, বিল ও নালা রয়েছে। বিএডিসির মাধ্যমে এগুলো পুনর্খনন করে পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পানি ব্যবহারের ফলে হাঁস পালন ও মাছ চাষের পাশাপাশি সেচ কাজেও বড় সুবিধা পাওয়া যাবে। 

এতে ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমবে বলে তিনি জানান।এলাকার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় সাধারণ মানুষ রাস্তাঘাট ও ব্রিজের দাবি জানিয়েছিলেন। সেই দাবি অনুযায়ী এলজিইডির মাধ্যমে রাস্তাঘাট ও বড় ব্রিজ নির্মাণের কাজ সরকারের তালিকায় রয়েছে এবং এগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে।কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, কৃষক যদি ফসলের ভালো দাম পায় তবেই সে চাষাবাদে উৎসাহিত হবে। সরকার এমন একটি ব্যবস্থা গড়তে চায় যেখানে উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত কৃষক সব সুবিধা পাবে। 

এর ফলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর ও উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী আধুনিক প্রযুক্তির মাধ্যমে পানি সাশ্রয় করে ফসলের গুণগত মান বাড়ানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।